ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালের গৌরনদীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বরিশালের গৌরনদী উপজেলায় ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাকপ্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।পরিবার সূত্রে জানা গেছে, রমজানের মা আয়শা বেগম ঈদের পরদিন রোববার তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে বাড়ির উঠানে রমজান ও মোহাম্মদ একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়।অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে মাদারিপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।এদিকে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের গৌরনদীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর