যাত্রী হয়রানি রোধে গৌরনদী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানের মূল উদ্দেশ্য ছিল যাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা হয়রানি বন্ধ করা এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা। এ সময় বাসচালক ও সহকারীদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত ভাড়ার তালিকা মেনে চলেন এবং যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ না করেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা যাত্রীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তিনি জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো পরিবহন যদি অতিরিক্ত ভাড়া আদায় করে বা যাত্রীদের হয়রানি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।অভিযান চলাকালে ১৩ জন যাত্রীর অভিযোগের ভিত্তিতে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযোগে বলা হয়, কিছু বাসচালক ঢাকা থেকে বরিশাল পৌঁছে দেওয়ার কথা থাকলেও মাঝপথে গৌরনদী বাসস্ট্যান্ডেই যাত্রীদের নামিয়ে দেন, যা চরম ভোগান্তির সৃষ্টি করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট চালকসহ তিনজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে।এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় ভুক্তভোগী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের এমন কার্যকর উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যাত্রী হয়রানি অনেকাংশে কমে আসবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে সামনে রেখে গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।