ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বরিশাল বিভাগ থেকে ৫ জন প্রতিনিধি স্থান পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকেলে বঙ্গভবনে তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন।রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনে নবনিযুক্তদের শপথবাক্য পাঠ করান। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।বরিশাল বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া দুজন হলেন ভোলার কৃতি সন্তান হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং বরিশালের জহির উদ্দিন স্বপন।ভোলা-৩ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী এই প্রবীণ নেতা এর আগে পানিসম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।অন্যদিকে, বরিশাল-১ আসন থেকে নির্বাচিত এবং বিএনপির মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় রাজনীতিতে সক্রিয় ও গণমাধ্যম–সম্পর্কিত নানা ইস্যুতে সুপরিচিত স্বপনের এ দায়িত্ব পাওয়া রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।বরিশাল বিভাগ থেকে আরও তিনজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন মন্ত্রিসভায় বরিশাল বিভাগের এই শক্ত অবস্থান দক্ষিণাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো ও যোগাযোগ খাতে নতুন গতি আনবে বলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।