ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন
ঢাকা-বরিশাল মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় যুব সমাজ। শনিবার ১৮ এপ্রিল ২০২৬ বিকেলে বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় যুব প্রতিনিধি আতিক মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেদী হাসান, লিখন ফকির, আসিফ খান, শাকিল ঘরামীসহ আরও অনেকে।বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত সড়কটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও তীব্র যানজট। ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।তারা আরও বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও, সরু মহাসড়ক ও অব্যবস্থাপনার কারণে মানুষ সেই সুবিধা পুরোপুরি ভোগ করতে পারছে না। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার হারও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ইতোমধ্যে বহু প্রাণহানির কারণ হয়েছে।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ করে ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে, যেগুলো দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এসব ব্রিজ যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।এ সময় বক্তারা বলেন,দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। দেশের উন্নয়নের ধারায় এই অঞ্চলকে সমান গুরুত্ব দিতে হবে। ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।মানববন্ধন থেকে অবিলম্বে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো ভেঙে আধুনিক ও নিরাপদ ব্রিজ নির্মাণ এবং সড়কের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের দাবি জানানো হয়।বক্তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, এই মহাসড়কের উন্নয়ন হলে শুধু বরিশাল নয়, বরং গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।