গৌরনদীতে মহান মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র্যালি
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র্যালিতে গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শ্রমিকদের ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে মহান মে দিবসের তাৎপর্য এবং শ্রমজীবী মানুষের ন্যায্য দাবিগুলো তুলে ধরা হয়।র্যালিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন ও মিজানুর রহমান আকবারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “মহান মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।” তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।উল্লেখ্য, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিক আন্দোলনের স্মরণে এই দিনটি পালন করা হয়, যা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।