আগামীকাল শুরু ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক বিতরণ
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিতরণ কার্যক্রম। নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চালু হওয়া এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বনানীর কড়াইল বস্তি এলাকার নারীদের হাতে ডিজিটাল ফ্যামিলি কার্ড তুলে দিয়ে তিনি এই কার্যক্রমের সূচনা করবেন। একই সঙ্গে দেশের ১৩টি জেলার নির্বাচিত সিটি কর্পোরেশন ও ইউনিয়নের নির্দিষ্ট ১৫টি ওয়ার্ডে একযোগে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হবে।সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকা থেকে যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রদত্ত আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগী নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী এলাকার কড়াইল বস্তি, সাততলা বস্তি ও ভাষানটেক বস্তি এবং মিরপুর এলাকার অলিমিয়ারটেক ও বাগানবাড়ি বস্তির বাসিন্দারা এই কর্মসূচির আওতায় আসছেন। এছাড়া ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভা এবং বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এই কার্যক্রম শুরু হবে। খুলনা বিভাগের খুলনা সিটি কর্পোরেশনের খালিশপুর এলাকা এবং বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নও পাইলট প্রকল্পের আওতায় রয়েছে।এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন এবং ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন থেকেও নির্বাচিতরা কার্ড সংগ্রহ করতে পারবেন।উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগের বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন ও নাটোর জেলার লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়ন ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হয়েছে।সরকার জানিয়েছে, পরীক্ষামূলকভাবে এসব এলাকায় সফল বাস্তবায়নের পর পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করা হবে।