গৌরনদীতে পুরনো শত্রুতার জেরে হামলা-লুটপাটের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলায় পুরনো শত্রুতার জেরে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার আধুনা বড় দিঘিরপাড় এলাকার শারিকল ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।ভুক্তভোগী তইয়ুব আলী মোল্লা অভিযোগ করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বাসিন্দা মুজাম্মেল হাওলাদার নেতৃত্বে একদল লোক জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরের ভেতরে তাণ্ডব চালায়, পরিবারের সদস্যদের মারধর করে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।তিনি আরও বলেন, হামলার সময় ঘর থেকে প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ১২ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।তইয়ুব আলী মোল্লার দাবি, এ ঘটনায় মুজাম্মেল হাওলাদার ছাড়াও সিয়াম হাওলাদার, শহিদ হাওলাদার, সোহাগ হাওলাদারসহ আরও অজ্ঞাতনামা ১০-১২ জন জড়িত ছিলেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। মুজাম্মেল হাওলাদার ও সোহাগ হাওলাদার দাবি করেন, ঘটনার সময় তারা কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও অভিযোগ করেন, ভুক্তভোগী পক্ষ ভাড়া করা লোক দিয়ে নিজেরাই ভাঙচুর চালিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন।ঘটনার বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।