বরিশালের শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল গৌরনদী মডেল থানা
এপ্রিল মাসের সামগ্রিক পারফরমেন্সে অর্জন করলো শ্রেষ্ঠত্ব।আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবামূলক কার্যক্রম এবং অপরাধ দমনে ধারাবাহিক সফলতার স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে গৌরনদী মডেল থানা। ২০২৬ সালের এপ্রিল মাসের সামগ্রিক কার্যক্রম ও পারফরমেন্স মূল্যায়নে জেলার মধ্যে এই কৃতিত্ব অর্জন করে থানা পুলিশ।জানা গেছে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের সার্বিক দিকনির্দেশনা, থানায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিরলস পরিশ্রম এবং উপজেলার সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।বুধবার (৭ মে) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এ, জেড, এম মুস্তাফিজুর রহমান গৌরনদী মডেল থানাকে শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন। এ সময় গৌরনদী মডেল থানার পক্ষে সম্মাননা গ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা গৌরনদী মডেল থানার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।এদিকে গৌরনদী মডেল থানার এই অর্জনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই থানার কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশের আন্তরিকতা, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার কারণেই গৌরনদী মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে।এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল বলেন এই অর্জন শুধু পুলিশের নয়, উপজেলার সর্বস্তরের মানুষের। জনসাধারণের সহযোগিতা এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই আমরা এই সম্মান অর্জন করেছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।তিনি আরও বলেন মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে গৌরনদী মডেল থানা সবসময় কঠোর অবস্থানে থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।