গৌরনদীতে মাদকবিরোধী ভূমিকার স্বীকৃতি, জামাল ফকিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান
বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল ফকিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাদক নির্মূল কার্যক্রমকে আরও বেগবান ও জনসম্পৃক্ত করতে ব্যতিক্রমধর্মী ও উৎসাহমূলক উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।মঙ্গলবার (১২ মে) সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে মাদক সংক্রান্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারী ব্যক্তি বা সংগঠনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন।জানা যায়, নলচিড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জামাল ফকির। সম্প্রতি তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। তার এই সাহসী ও জনস্বার্থমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা প্রদান করা হয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করে তুলতে হবে। সবাই মিলে কাজ করলে অবশ্যই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।তিনি আরও বলেন, প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা হবে এবং যারা সাহসিকতার সঙ্গে তথ্য দিয়ে সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করবেন, তাদের যথাযথভাবে উৎসাহ ও সম্মাননা প্রদান করা হবে।এদিকে উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, সমাজের সচেতন ব্যক্তিদের সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।