অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি: অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিয়মনীতি অনুসরণ করেই সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি ও সময়-সুযোগ বিবেচনা করে সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হলে এ বিষয়ে কাজ শুরু হবে। যারা দলের সঙ্গে সম্পৃক্ত এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয় খোলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটি তারা চাননি। আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, তাদের অফিস খোলার কোনো সুযোগ নেই। বিষয়টি আইনিভাবে দেখা হবে।