ঢাকা, ২২ ফেব্রুয়ারি: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।রদবদলের পর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্টিলারি ডকট্রিন অ্যান্ড ট্রেনিং কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।অন্যদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে তিনি সেনা সদর দপ্তরে কর্মরত রয়েছেন।এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এ রদবদলকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।