স্পিকার হয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে তিনি নিজেই তার পদত্যাগের ঘোষণা দেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্পিকার হিসেবে শপথ বাক্য পাঠ করান।এর আগে একই দিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত এ অধিবেশন শুরু হয়। স্পিকারের চেয়ার শূন্য রেখেই অধিবেশনটি শুরু করা হয়।অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য এবং এভাবেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।তিনি আরও বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।পরে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ প্রস্তাবে সমর্থন জানান সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। পরে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।