স্পেন নাকি আর্জেন্টিনা সুপারকম্পিউটারের পছন্দ কোন দল?
২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই শিরোপা নির্ধারণী ম্যাচ।ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে ডেটা বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার। তাদের গাণিতিক মডেল অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জয়ের সম্ভাবনায় কিছুটা এগিয়ে রয়েছে স্পেন।অপ্টার বিশ্লেষণে দেখা গেছে, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৯.৪ শতাংশ।তবে ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনাও উল্লেখযোগ্য। সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল জয়ী হতে না পারার সম্ভাবনা ২৫.৪ শতাংশ।দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও বেশ জমজমাট। আন্তর্জাতিক প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। এর মধ্যে উভয় দলই ৬টি করে ম্যাচে জয় পেয়েছে, আর ২টি ম্যাচ ড্র হয়েছে।ফলে পরিসংখ্যান ও পূর্বাভাসে স্পেন সামান্য এগিয়ে থাকলেও, বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শেষ হাসি কে হাসবে, তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত।