রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
ঢাকা, ১ এপ্রিল: আগামী রোববার থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।তিনি আরও জানান, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশের স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি হামের পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত রয়েছে।তিনি সতর্ক করে বলেন, সামনে একটি জরুরি সময় আসছে। এ সময় তিনি উল্লেখ করেন, বিশ্বের দরিদ্র শিশুদের জন্য টিকা সরবরাহকারী সংস্থা Gavi, the Vaccine Alliance-এর কাছে বর্তমানে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকা মজুদ রয়েছে।স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।