ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

ইসলাম ও জীবন

কোরবানির ঈদকে সামনে রেখে কসবা গরুর হাটে জমে উঠছে বেচাকেনা, ঈদ পর্যন্ত চলবে হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী কসবা গরুর হাটে দেখা দিয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। সাপ্তাহিক হাট উপলক্ষে আজ সকাল থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে গরু ব্যবসায়ীরা তাদের পশু নিয়ে হাটে আসেন।বৃহস্পতিবার ২১ মে ২০২৬ হাটে ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের গরু নিয়ে সারিবদ্ধভাবে বসেছেন ব্যবসায়ীরা। তবে লোকসমাগম বেশি হলেও প্রত্যাশিত বেচাকেনা এখনো পুরোপুরি জমে ওঠেনি বলে জানিয়েছেন অনেক ব্যবসায়ী। তাদের দাবি, ক্রেতারা দরদামে বেশ সময় নিচ্ছেন এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অনেকেই গরু বিক্রি না করে ফেরত নিয়ে যাচ্ছেন।হাটের ইজারাদারদের খাজনার বই ঘেঁটে জানা গেছে, আজকের হাটে প্রায় ২০০টির অধিক গরু বেচাকেনা হয়েছে। এর মধ্যে কয়েকটি বড় আকারের গরুও বিক্রি হয়েছে উচ্চ মূল্যে। আজকের বাজারে সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার টাকা দামের একটি গরু বিক্রি হয়েছে।হাটে নারী ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কয়েকজন মহিলা ক্রেতা জানান, তাদের স্বামীরা প্রবাসে থাকায় নিজেরাই হাটে এসে গরু কিনছেন। গরু দেখে, যাচাই-বাছাই করে ও দরদাম করে কিনতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।ক্রেতাদের অভিযোগ, বাজারে গরুর দাম তুলনামূলক কিছুটা বেশি চাওয়া হচ্ছে। ফলে পছন্দের গরু কিনতে দরদামে দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে।হাট সংশ্লিষ্টরা জানান, আজ সাপ্তাহিক হাট হলেও কোরবানির ঈদ উপলক্ষে আগামী সোমবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত কসবা গরুর হাট চলমান থাকবে। এতে করে আগামী কয়েকদিনে হাটে আরও বেশি গরু ও ক্রেতার সমাগম বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

কোরবানির ঈদকে সামনে রেখে কসবা গরুর হাটে জমে উঠছে বেচাকেনা, ঈদ পর্যন্ত চলবে হাট